দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আগামী অক্টোবরে এই সিরিজে সাকিবের খেলা নির্ভর করছে তার নিরাপত্তার ওপর। রাজনৈতিক কারণে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এছাড়া ছাত্র-গণআন্দোলনে সাকিব নিশ্চুপ থাকায় ভক্তদের একটা অংশ তার ওপর ক্ষিপ্ত। এমতাবস্থায় সাকিব নিরাপত্তা চেয়েছেন। কিন্তু বিসিবি কি সেই নিরাপত্তা দিতে পারবে?
দেশের মাটিতে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করে আজ কানপুরে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’
এ নিয়ে এর মধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে সাকিব বলেন, ‘এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দর ভাবে আয়োজন করা যায়।’
কিন্তু আজ সন্ধ্যায় মিরপুরে বোর্ড সভা শেষে ফারুক আহমেদ বললেন ভিন্ন কথা। সাকিবের সঙ্গে আলাপের কথা স্বীকার করলেও নিরাপত্তার গ্যারান্টি দিতে পারলেন না। বিসিবি সভাপতি বলেছেন, ‘‘আমি তো আসলে কোনো এজেন্সি, পুলিশ বা র্যাব নই। নিরাপত্তাটা আসলে আমার বা বিসিবির হাতে নেই। এটা সরকার- উচ্চ পর্যায় থেকে আসতে হবে। নিরাপত্তা দুই রকমের। একটা হলো সে হয়তো পরিষ্কার করেছে, বলেছে (সরকারি), আরেকটা হলো আমাদের দর্শকরাও আছে। তো এই ব্যাপারটা তার সিদ্ধান্ত নিতে হবে। আমরা আসলে এটাতে তেমন একটা অংশ নিতে পারব না। এই মুহূর্তে আমরা কিছু বলতেও পারব না বোর্ড থেকে কী করতে পারি। ব্যক্তি পর্যায়ে একজন মানুষকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য আমাদের নেই।'
তাহলে কানপুরেই কি সাকিবের শেষ টেস্ট হতে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে ফারুক একটা রহস্য রেখে বলেন, ‘যদি সে খেলে।’
সাকিবের সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে ফারুক বলেন, ‘সাকিব কঠিন সময় পার করছে জীবনে। খুব বেশি কিছু না বলি। টেস্ট সে খেলতে চেয়েছিল। ঢাকা থেকে অবসর নিতে চায়, আমি সম্মান জানিয়েছি।’
সাকিবের শৈশবের গুরু নাজমুল আবেদীন ফাহিমও সাকিবকে নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, ‘বিদায়টা যদি দেশের মাটিতে হত, তবে সেটা আরও সুন্দর হতে পারত।’ তবে একটা সময় সাকিব চলে গেলে কি হবে এমন ভাবনা উঁকি দিলেও এখন আর সেটা দেয় না তার। কারণ এটাই সত্য বলে মন্তব্য করেন বিসিবির এই পরিচালক।
টি-টোয়েন্টিতে সাকিবের যেসব কীর্তি বিশ্বে আর কারও নেই
খুনের মামলা, পুঁজিবাজারে কারসাজি নিয়ে মুখ খুললেন সাকিব
‘আমার কোনো অনুশোচনা নেই, জীবনে কখনও অনুশোচনা ছিল না’
দেশত্যাগের নিশ্চয়তা পেলেই দেশে ফিরবেন সাকিব