ভিয়েতনামের কাছে বড় হারের লজ্জা

ভিয়েতনামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের বেহাল দশা কাটছেই না। সিরিয়ার কাছে ৪-০ তে হেরে শুরু হয়েছিল তাদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইপর্ব। এরপর দুর্বল গুয়ামের সঙ্গে ১-১ ড্র করে মারুফুল হকের দল। আজ শুক্রবার ভিয়েতনামের হ্যানয়ে স্বাগতিকদের কাছে পেতে হয়েছে ৪-১ গোলে হারের লজ্জা।

বড় হারে বড় দায় দলের গোলকিপার মাহিন ইসমাইলের। অন্তত দুটি গোল হজম করতে হয়েছে তার শিশুতোষ ভুলে। এছাড়া প্রতিপক্ষের রক্ষণ দুর্বলতার শতভাগ ইস্তেমাল করে ভিয়েতনাম কুড়িয়ে নিয়েছে টানা তিন জয়। এই হারে চূড়ান্তপর্বের সম্ভাবণা পুরোপুরি শেষ হয়ে গেছে বাংলাদেশের।

এ গ্রুপের সেরার লড়াইয়ে ভিয়েতনামের পাশাপাশি আছে সিরিয়া। দু’দলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করেছে সমান ৯ পয়েন্ট। শুক্রবার সিরিয়া গুয়ামকে দিয়েছে ১০-১ গোলের লজ্জা। অথচ এই গুয়ামকেও হারাতে পারেনি বাংলাদেশ। তাই পয়েন্ট টেবিলেও তারা আছে তাদের পেছনে।

গুয়ামের তিন ম্যাচ থেকে সংগ্রহ ২ পয়েন্ট। রবিবার ১ পয়েন্ট করে পাওয়া বাংলাদেশ ও ভুটান শেষ ম্যাচে মুখোমুখি হবে নিজেদের অবস্থান উন্নতির লক্ষ্যে।

ম্যাচের চতুর্থ মিনিটে ভিয়েতনামকে গোল উপহার দেন ডিফেন্ডার শাকিল আহাদ তপু ও গোলকিপার মাহিন ইসমাইল। স্বাগতিকদের এক ফরোয়ার্ডের নির্বিষ ক্রস গোলমুখ থেকে ক্লিয়ার করার জায়গায় পোস্টে জড়ান তপু। সেটা রুখতে সেভাবে চেষ্টাই করতে দেখা যায়নি পুরো আসরে বাংলাদেশকে ভোগানে মাহিন। ম্যাচের ২৯ মিনিটে মাহিনের বড় ভুলে ফের গোল হজম করতে হয় বাংলাদেশকে। এবার ডিফেন্ডার আসাদুল ইসলাম সাকিবের পাস ক্লিয়ার করতে অহেতুক সময় নেন বাংলাদেশ কিপার। সুযোগ বুঝে চেজ করে পা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন মিন তিয়েন।

৪১ মিনিটে পিয়াস আহমেদ নোভার গোলে ব্যবধান কমেছিল বাংলাদেশের। বাঁ দিক থেকে সাকিবের ক্রসে নোভার হেড ভিয়েতনাম কিপারকে ফাঁকি দিয়ে দূরের পোস্টে জড়ায়। তবে পরের মিনিটে বক্সের বেশ বাইরে থেকে লে ভান কুয়াংয়ের ডানপায়ের জোড়ালো শট ক্রসবার ছুঁয়ে জালে জড়ালে ফের ব্যবধান বাড়ে স্বাগতিকদের। ম্যাচের ৮০ মিনিটে ভিয়েতনাম ৪-১ করে মাহিনের আরেকটি ব্যর্থতায়। ফ্রি-কিক থেকে মানব দেয়ালের পাশ দিয়ে শট নিয়েছিলেন ভিয়েতনাম অধিনায়ক কং ফুয়ং। লাইনে না থাকায় সেটার নাগাল পাননি মাহিন।