বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ হতে পারে নভেম্বরে

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও আফগানিস্তানের। তবে ব্যস্ততার কারণে সেই সিরিজ স্থগিত করেছিল দুই দেশের ক্রিকেট বোর্ড। ওই সিরিজ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে পূর্ণাঙ্গ সিরিজ নয়, আলোচনা ফলপ্রসূ হলে আগামী নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগনিস্তান।

নভেম্বর-ডিসেম্বরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। ২২ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। সেই সফরের আগে আফগানদের বিপক্ষে সিরিজ আয়োজনে আলোচনা শুরু হয়েছে।

ক্রিকবাজকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ সফরের পথে আমরা তিন ম্যাচের ওয়ানডে খেলার চেষ্টা করছি। এ নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমাদের কথা হয়েছে। আমরা এই সিরিজটি খেলতে চাই।'

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান ক্রিকবাজকে জানান, চলতি বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এই সিরিজ হতে পারে।