মৌলভীবাজারে সালিশ বৈঠকে হামলায় পারভেজ আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় নারীসহ আহত হয়েছেন আরও তিনজন। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার হিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হিলালপুর এলাকায় তারা মিয়ার বাড়িতে এক ঘটনায় ছঈদ উল্লার ছেলে পারভেজ আহমদের (৩০) সঙ্গে একই এলাকার সামাদ মিয়া ও তার সহযোগীদের সালিশ বৈঠক হয়। বৈঠক চলাকালে পূর্বশত্রুতার জেরে স্থানীয় সুফিয়ান মিয়া, আজাদ মিয়া, রিপন মিয়া, শিপন মিয়াসহ অন্যরা এলোপাতাড়ি হামলা চালিয়ে পারভেজ আহমেদকে রক্তাক্ত জখম করে। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন পারভেজ আহমদের বড় ভাই পীর আজাদ, মা কটই বিবি ও ভাতিজা আছাদ মিয়া।
আহতদের দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৮টার দিকে তারা হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পারভেজ আহমদকে মৃত বলে ঘোষণা করেন। মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মাহবুবুর রহমান জানান, হামলার সঙ্গে জড়িত আজাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে আফসার আলী (৫৫) নামে এক অটোরিকশাচালক খুন হয়েছেন। এ সময় অভিযুক্ত রেজাউলকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কলমাচাপর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফসার আলী (৫০) উপজেলার কলমা চাপর গ্রামের সফর উদ্দিনের ছেলে। আটক রেজাউল একই গ্রামের আবু খায়েরের ছেলে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বরগুনার আমতলীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আবুল কাসেম (২৩) কলাগাছিয়া গ্রামের নুর উদ্দিন মোল্লার ছেলে।
জানা যায়, নিহত আবুল কাশেম কলাগাছিয়া বাজারে বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। বাজারের দোকান বন্ধ করে রাত ১০টার দিকে ব্যবসার টাকা ব্যাগে নিয়ে বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’