ভোটার হতে আসা দুই রোহিঙ্গাসহ আটক ৩

ঢাকার দোহার উপজেলা নির্বাচন অফিসে ভোটার হতে আসা দুই রোহিঙ্গাসহ তিনজন আটক হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক দুই রোহিঙ্গা হলেন কক্সবাজারের ঠেংখালী ক্যাম্প-১২-এর  বাসিন্দা হাবীবুল্লাহর ছেলে মো. সাঈদ (২৯), টেকনাফের জাদিমুড়ায় বসবাসরত আবুল কাশেমের ছেলে মো. আমির এবং তাদের সঙ্গে আসা দোহার উপজেলার মালিকান্দা গ্রামের মাসুম হাওলাদারের স্ত্রী খাইরুন নাহার (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায় সাঈদ ২০১৫ সালে মিয়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারত প্রবেশ করেন। তারপর ভারত থেকে  সৌদি আরবে যান। ২০১৯ সালে ফের তিনি বাংলাদেশে আসেন। আমির চার মাস আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন। ভোটার হওয়ার জন্য তারা দোহারের নারিশা ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন স্বাক্ষরিত নাগরিক সনদ, বিদুৎ বিলসহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসে আসেন। এ সময় নির্বাচন অফিসের কর্মকর্তারা কাগজপত্র চ্যালেঞ্জ করলে ধরা পড়েন তারা। তখন খাইরুন নাহার তাদের সঙ্গে ছিলেন। আটক তিনজনকে পরে থানায় সোপর্দ করা হয়।

দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় মামলা দিয়ে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।