ফরিদপুরে স্কুলের জায়গা দখলের অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত মোহাম্মদ বাদল মুন্সী ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্কুলের প্রধান শিক্ষক এবং অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি বিদ্যালয়ের জায়গা দখল করে বাদল মুন্সী সীমানা দেয়াল নির্মাণ শুরু করেন। প্রধান শিক্ষক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এতে বাধা দেন। এরপরও বাদল মুন্সী দেয়াল নির্মাণকাজ চালু রাখেন। এ অবস্থায় প্রধান শিক্ষক উপজেলা প্রশাসন বরাবর গত বৃহস্পতিবার লিখিত অভিযোগ দিয়েছেন। দেয়াল নির্মাণের ফলে বিদ্যালয়ের সামনের প্রধান ফটকসহ খেলার মাঠে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে।

স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, হঠাৎ করে আওয়ামী লীগ নেতা বাদল মুন্সী স্কুলঘেঁষে দেয়াল নির্মাণ করে সামনের অংশ বন্ধ করে দিয়েছেন। এতে স্কুলের প্রধান ফটক বন্ধ এবং শিক্ষার্থীদের খেলার মাঠে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। দেয়াল নির্মাণ দ্রুত বন্ধ করা না গেলে স্কুলটি যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তিনি আশা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত পদক্ষেপ নিয়ে দেয়াল নির্মাণকাজ বন্ধসহ প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

বিবিরকান্দি গ্রামের বাসিন্দা ও স্কুলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন মোল্লা বলেন, ‘স্কুলটি ১৮ শতাংশ জমির ওপর বহু আগে থেকে এভাবেই ছিল। হঠাৎ করে কেন এমন হলো বুঝতে পারছি না।’

আওয়ামী লীগ নেতা বাদল মুন্সী বলেন, ‘যেখানে স্কুল রয়েছে সেখানে তিনি ৭ শতাংশ জমি পাবেন। অন্য দাগে স্কুলের ১১ শতাংশ রয়েছে। স্কুল প্রয়োজনে যেখানে জমি পাবে সেখানে যাবে। আমার নামের জমির সব কাগজপত্র প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।’

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদা বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। পরে আইনবিরোধী কাজ হলে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’