সাভারের আশুলিয়ায় এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে বরখাস্তকৃত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিসহ ৪১১ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে মো. ইমরান (২২) নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টার ঘটনায় গতকাল শুক্রবার সকালে আশুলিয়া থানায় মামলাটি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক।
মামলার বাদী আহত শিক্ষার্থী মো. ইমরানের বাবা জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তারতাপাড়া গ্রামের কালু শেখের ছেলে বিল্লাল শেখ। ইমরান জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মাহমুদা বেলাল বি এম কারিগরি কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় ছিলেন।
মামলায় কারাগারে থাকা পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ছাড়াও আসামির তালিকায় রয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ, তার বেয়াই আশুলিয়ার আমিন মডেল টাউন শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আমিনুল ইসলাম, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শামীম আহম্মেদ সুমন ভুইয়া প্রমুখ।