মাঠ ও মাঠের বাইরে লিওনেল মেসি একজন নিপাট ভদ্রলোক। ক্যারিয়ারজুড়ে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের কোনো অভিযোগ নেই বললেই চলে। সেই মেসির বিরুদ্ধেই এবার রেফারিকে গালি দেওয়ার অভিযোগ উঠেছে। শার্লটের বিপক্ষে ইন্টার মিয়ামির রবিবারের ম্যাচে ঘটেছে এই ঘটনা। ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মিয়ামি। গোলটি করেছেন মেসি স্বয়ং।
শুরুতে পিছিয়ে যাওয়া মায়ামিকে ৬৭ মিনিটে গোল করে ম্যাচে ফেরান মেসি। এর দশ মিনিট পরই ঘটে সেই ঘটনা। ৭৭ মিনিটে শার্লটের ফরাসি ডিফেন্ডার আদিলসন মালান্দা বক্সের মধ্যে ফেলে দেন দিয়েগো গোমেজকে। রেফারি ফাউলের বাঁশি বাজান এবং পেনাল্টি দেন। তবে ভিএআর রিভিউর পর পাল্টে যায় পেনাল্টির সিদ্ধান্ত। এতে আর্জেন্টিনা দল স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছিল। মেসিও রাগ পুষে রেখেছিলেন।
ম্যাচ শেষে মেসি গিয়ে রেফারি রামি টাউচানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। মেসিকে বেশ ক্ষুব্ধ মনে হচ্ছিল। অফিসিয়াল ব্রডকাস্টের বরাত দিয়ে ল্যাটিন আমেরিকার গণমাধ্যম ‘ইনফোবে’ দাবি করেছে, ওই সময় নাকি রেফারিকে ‘তুমি একটা কুকুর শাবক’ বলে গালি দিয়েছেন মেসি! তিনি বেশ কয়েকবার এই বাক্যটা পুনরাবৃত্তি করলে রেফারি তাকে হলুদ কার্ড দেখান।