ওয়েলসের ছোট্ট ক্লাব রেক্সহ্যামকে যখন হলিউড তারকা রায়ান রেনল্ডস ও রব ম্যাকএলেনি কিনে নিয়েছিলেন, তখন তারা ছিল নিচের সারির এক সাদামাটা দল। কিন্তু তারকা মালিকদের ছোঁয়া, বিশাল বিনিয়োগ এবং মিডিয়া হাইপের কারণে ক্লাবটি একের পর এক লিগ টপকে রাতারাতি প্রিমিয়ার লিগের কাছাকাছি পৌঁছে যায়।
গত এপ্রিলে যখন লিওনেল মেসি স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের ছোট্ট ক্লাব কর্নেয়ার মালিকানা নেন, তখন ফুটবল বিশ্বের অনেকেই ধরে নিয়েছিলেন যে মেসিও এই ক্লাবটিকে নিয়ে ঠিক একই হলিউডি স্টাইলে রাতারাতি লা লিগার চূড়ায় তুলে আনবেন। অর্থাৎ, বিখ্যাত কেউ ক্লাব কিনলেই যে ‘রেক্সহ্যাম মডেল’-এ হুট করে ওপরে ওঠা যায়, এই ধারণার বসেই কর্নেয়াকে নিয়ে শুরু হয়েছিল সেই জল্পনা। কিন্তু বাস্তবতা হলো, কর্নেয়ার ভেতরের পরিকল্পনা এবং আইনি সীমাবদ্ধতার কারণে মেসি সম্পূর্ণ ভিন্ন ও টেকসই একটি পথে হাঁটছেন।
বার্সেলোনার দক্ষিণ উপকণ্ঠে , যে শহরে মেসি কাটিয়েছেন তাঁর জীবনের ২০টি বছর, সেই অঞ্চলেই অবস্থিত কর্নেয়া ক্লাবটি। প্রতিবেশী লা লিগা ক্লাব এস্পানিওলের স্টেডিয়ামের ঠিক পাশেই তাদের ছোট মাঠ।
মেসির ক্লাব কেনার খবরটি শুরুতে বিশ্বাসই করতে পারেননি দলটির কোচ ইগনাসি সেনাব্রে। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে সেই মজার স্মৃতির কথা জানিয়ে সেনাব্রে বলেন, ‘আমি সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারি। হঠাৎ করেই সবাই এটা নিয়ে কথা বলছিল, কিন্তু তার আগে কোথাও কিছু আসেনি। শুরুতে আমি ভেবেছিলাম এটা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ভুয়া খবর।’
তবে পাঁচ মিনিটের এক ভিডিও বার্তায় মেসি নিজেই যখন কোচ ও খেলোয়াড়দের সামনে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন, তখন সব সংশয় কেটে যায়। মেসির বিনিয়োগের কারণ অজানা থাকলেও বিষয়টিকে বিশাল অর্জন হিসেবেই দেখছেন কোচ। ইএসপিএনকে সেনাব্রে আরও বলেন, ‘মেসি কেন এখানে বিনিয়োগ করেছেন তা আমি বলতে পারব না, তবে সর্বকালের সেরা ফুটবলার যে কর্নেয়ার ওপর নজর দিয়েছেন, তা আমাদের জন্য বিশাল গর্বের।’
রেক্সহ্যামের মতো দ্রুত লিগ টপকানোর মডেলের সঙ্গে কর্নেয়ার পার্থক্য কোথায়, তা স্পষ্ট করেছেন ক্লাবটির এক কর্মকর্তা। ইএসপিএনকে ওই সূত্র জানায়, ‘তুলনাটা হওয়া স্বাভাবিক, কারণ দুটি ক্ষেত্রেই বিশ্বখ্যাত ব্যক্তিত্ব জড়িত। তবে এগুলো সম্পূর্ণ ভিন্ন প্রকল্প, প্রেক্ষাপট ও মডেল। প্রতিটি ক্লাবেরই নিজস্ব পরিকল্পনা থাকে।’
মূলত স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, একই মালিকানাধীন দুটি ক্লাব একই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। মেসি সম্প্রতি স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব ‘এলদেনসে’-এর মালিকানাও নেওয়ায় কর্নেয়ার শীর্ষ স্তরে ওঠার পথে একটি অদৃশ্য আইনি দেয়াল তৈরি হয়েই আছে।
তাই সিনিয়র দলের চেয়ে মেসির মূল বিনিয়োগ ও মনোযোগ এখন ক্লাবের সমৃদ্ধ যুব একাডেমি এবং নতুন গঠিত নারী দলকে ঘিরে। নারী ফুটবলে মেসির এই উদ্যোগ নিয়ে দলটির অধিনায়ক আমারা ফোরকাদা ‘হার গোল’-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘মেসির নারী ফুটবলে যুক্ত হওয়া আমাদের চলমান কাজেরই এক বড় সাফল্য। এটি প্রমাণ করে যে নারী ফুটবল এখন এক বাস্তবতা।’
মাঠের সিনিয়র দল পঞ্চম স্তরে ধুঁকলেও কর্নেয়ার একাডেমি বরাবরই প্রতিভা তৈরির কারখানা। জর্ডি আলবা, ডেভিড রায়া কিংবা জেরার্দ মার্তিনের মতো তারকারা উঠে এসেছেন এখান থেকেই। গত মাসে মায়ামিতে অনুষ্ঠিত ‘মেসি কাপ’-এ ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও আর্সেনালের মতো জায়ান্টদের হারিয়ে কর্নেয়ার অনূর্ধ্ব-১৬ দলের সিলভার কাপের ফাইনালে ওঠা সেই শক্তিরই প্রমাণ। একাডেমির এই খ্যাতি নিয়ে ই.এফ.এম. ইন্টারন্যাশনালের এজেন্ট তনি হুয়ানমার্তি ইএসপিএনকে বলেন, ‘কর্নেয়ার একাডেমির বেশ ভালো সুনাম রয়েছে। পেশাদার ক্লাবে যোগ দেওয়ার আগে এটি তরুণদের জন্য এক দারুণ সিঁড়ি। অনেক ফুটবলারই এখান থেকে নিজেদের গড়ে তুলেছে।’
মাঠের ফলাফলে এখনো ‘মেসি ইফেক্ট’ পুরোপুরি দৃশ্যমান না হলেও বাণিজ্যিক ও ডিজিটাল জগতে রীতিমতো বিপ্লব ঘটে গেছে। মেসির ছোঁয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে কর্নেয়ার অনুসারী ৩৫ হাজার থেকে এক লাফে ১০ লাখ ছাড়িয়েছে; ইনস্টাগ্রামে তারা পেছনে ফেলেছে প্রতিবেশী এস্পানিওলকেও। অ্যাডিডাসের মতো বিশ্বখ্যাত স্পনসর যুক্ত হওয়ার পাশাপাশি ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো অনলাইনে বিক্রি হচ্ছে ‘মেসি ১০’ লেখা সবুজ জার্সি। প্রমোশনের দৌড়ে রেক্সহ্যামের পথে না হেঁটে, একাডেমি আর স্থানীয় কমিউনিটিকে আঁকড়ে ধরেই এক অনন্য ও স্বনির্ভর ক্লাব হয়ে ওঠার পথেই হাঁটছে মেসির কর্নেয়া।
মারাত্মক চোটে ‘অন্তত’ এক বছর মাঠের বাইরে সাদ উদ্দিন