সমালোচনার মুখে খুলে ফেলা হলো ভাইরাল সেই বাড়ির নামফলক

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘বৈষম্যবিরোধী আন্দোলন ২০২৪ এর অন্যতম সহযোদ্ধার বাসভবন’ লেখা নামফলকটি খুলে নিয়েছেন বাড়ির মালিক ইলিয়াস হোসেন। সমালোচনার মুখে গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তিনি বাড়ির নামফলকটি খুলে ফেলেন।

ইলিয়াস হোসেন (৫২) পটুয়াখালী পৌর শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী। তার বাবার নাম আব্দুস সত্তার মজুমদার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মেয়েসহ নিজে জড়িত ছিলেন বলে দাবি করেছেন ইলিয়াস হোসেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতন এবং আন্দোলনে সফলতায় ভালো লাগা থেকে বাড়ির নামফলক করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ায় বিষয়টি ইলিয়াস হোসেনের নজরে আসে, এরপর তিনি নামফলকটি খুলে ফেলেন।

এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস হোসেন বলেন, আমি ও আমার মেয়েও এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আন্দোলনের সফলতার পর ভালো লাগা থেকেই বাসার সামনে নামফলকটি টাঙিয়ে ছিলাম। গত ৫ আগস্টের পর এটি টাঙাই। কিন্তু আজ দেখি ছবিটি ভাইরাল হইছে। পরে সেটা খু‌লে ফে‌লে‌ছি।