দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে এ বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৮ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২২১ ডেঙ্গু রোগী। এটিও এ বছরে সর্বোচ্চ হাসপাতালে ভর্তি।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জনই ঢাকার, পাঁচজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার। বাকি দুইজন বরিশাল ও খুলনা বিভাগে মারা গেছেন।
এতে আরো বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৪৩৪ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন, বরিশাল বিভাগে ৭৪ জন, খুলনা বিভাগে ১৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন এবং রংপুর বিভাগে ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৭৮৬ জন। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী।