সুনামগঞ্জে সদর উপজেলার রাধানগর পয়েন্টে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুদামে সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে রাধানগর পয়েন্টে থাকা কয়েকজন দেখতে পান বাজারের পাশে একটি সিলিন্ডারের গুদাম থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে নিমিষেই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন আশে পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বিশ্বম্ভরপুর স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে এবং প্রায় ২ ঘণ্টা পর আগুণ নিয়ন্ত্রণে আনে।
সিলিন্ডার দোকানের মালিক তৈয়বুর রহমান দেশ রূপান্তরকে বলেন, আমার গুদামে প্রায় ৩ হাজার ৮০০টি গ্যাস সিলিন্ডার ছিল। আমার পুঁজি যা ছিল সব শেষ হয়ে গেল। কী করব কিছুই বুঝতে পারছি না।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক দেশ রূপান্তরকে জানান, সুনামগঞ্জ শহরের পাশ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্ট অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক আমরা টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।