স্লুইসগেট দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

স্লুইসগেট দখল কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গত রবিবার রাতে উপজেলার মৌডুবি ইউনিয়নের জাহাজমারা সংলগ্ন চরবগলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকরা জানান, তাদের চাষাবাদের সুবিধা ও জলাবদ্ধতা নিরসনের জন্য স্লুইসগেট (জলকপাট) নির্মাণ করা হয়েছিল। কিন্তু ক্ষমতার ছত্রছায়ায় প্রভাবশালীরা বছরের পর বছর সøুইসগেট দখল করে মাছ শিকার করে। ইচ্ছেমতো পানি ওঠায়-নামায়।

স্থানীয়রা জানান, ১৬ বছর মৌডুবি ইউনিয়নের চরবগলা স্লুইসগেটটি আওয়ামী লীগের নেতাদের কবজায় ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর উপজেলার মৌডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মমিন তালুকদার ও একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক বাদল হাওলাদার গ্রুপের নজর পড়ে ওই স্লুইসগেটে। মাছ ধরার জন্য তারা দখলে নিতে চায়। আধিপত্য বিস্তার এবং দখল নিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দেলোয়ার তালুকদার (৪৫), আমিনুর রহমান (৪০), শাকিল তালুকদার (৩৫), রাব্বি ভূঁইয়া (২৮), খলিল হাওলাদার (৪৫) ও রুহুল আমিন হাওলাদারকে (৪০) চিকিৎসার জন্য পটুয়াখালীতে পাঠানো হয়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।