চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চননগর এলাকা থেকে ১৪ কৃষককে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা। পরে দুর্গম পাহাড়ে গ্রামবাসীর প্রতিরোধে অপহৃত কৃষকদের রেখে পালিয়ে যায় তারা। গতকাল সোমবার সকালে কাঞ্চননগর ও খরনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অপহৃত চার কৃষক পরিবার থেকে মুক্তিপণ আদায় করে সন্ত্রাসীরা। পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক নিয়মিত অপহরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
অপহৃত কৃষকরা হলেন উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাচা মিয়া (৫৫), আসিফ (২২), নবী হোসেন (৪৬), জামাল উদ্দিন (৫০), রংপুরের জাহাঙ্গীরসহ (৫২) অজ্ঞাত ১৪ জন।
কাঞ্চনাবাদ ইউপি সদস্য আবদুল আলীম জানান, কাঞ্চননগর ও পটিয়া খরনা পাহাড়ি এলাকায় ফলের বাগান থেকে ১৪ জনকে তুলে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা। পরে অপহৃতদের মোবাইল থেকে কল করে পরিবারের কাছে জনপ্রতি ৫০-৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের মধ্যে অপহৃত চারজনের পরিবার জনপ্রতি ২০ হাজার টাকা দিয়ে এলেও কৃষকদের আটকে রাখে। পরে দুর্গম পাহাড়ে গ্রামবাসী সম্মিলিত প্রতিরোধ করলে অপহৃতদের রেখেই পালিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা। এ বিষয়ে চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন বলেন, ‘আমাদের কেউ জানায়নি। তাই আমরা এ বিষয়ে অবগত নই।’
এদিকে চন্দনাইশে নিয়মিত অপহরণকা- বৃদ্ধি পাওয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার দাবি জানিয়েছে সচেতন মহল।