প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার

খুলনায় টাকা আদায়কালে ৩ প্রতারক গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ছবি ও নাম-সংবলিত ফরম তৈরি করে খুলনায় পাইকগাছা উপজেলায় সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়কালে তিন প্রতারককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গতকাল সোমবার সকালে উত্তম বৈরাগী নামের এক ব্যক্তি তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন। এর আগে গত রবিবার তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা।

আসামিরা হলো উপজেলার হরিণখোলা গ্রামের মামুন খাঁন, মনির আলম এবং বটিয়াঘাটা উপজেলার বারহাড়িয়া গ্রামের মিথুন ঢালী।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত রবিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ছবি ও নাম ব্যবহার করে ফরম তৈরি করে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা আদায়কালে স্থানীয় জনতা তিন প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পাইকগাছা থানার ওসি ওবায়ইদুর রহমান জানান, প্রতারণার আশ্রয়ে অর্থ আদায়কালে ওই তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। পরে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।