সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর, নির্যাতনের বিচার, ক্ষতিপূরণ প্রদানসহ সাত দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাঁওতালরা।
গতকাল সোমবার গোবিন্দগঞ্জ উপজেলায় সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদের যৌথ উদ্যোগে এই সমাবেশ করেন তারা।
উপজেলার মাদারপুর, জয়পুর গ্রামসহ বিভিন্ন স্থান থেকে সাঁওতালরা তীর-ধনুক, ব্যানার-ফেস্টুনসহ খ- খ- মিছিল নিয়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটামোড় এলাকায় সমবেত হন। সেখানে ঘণ্টাব্যাপী সমাবেশ করেন তারা। এতে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে। বক্তব্য দেন মানবাধিকারকর্মী শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, লেখক ও গবেষক পাভেল পার্থ, জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি বিচিত্রা তিরকি, প্রবীর চক্রবর্তী, গোলাম রব্বানী মুসা, স্বপন শেখ প্রিসিলা মুরমু প্রমুখ।
বক্তারা বলেন, ‘হত্যাকান্ডের সাত বছর পেরিয়ে গেছে। আজও বিচারকাজ শুরু হয়নি। সরকারের পক্ষ থেকে সাঁওতালদের পুনর্বাসনসহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। স্বৈরাচার হাসিনা আমাদের ধোঁকা দিয়েছেন।’
বক্তারা বিরোধপূর্ণ জমিতে ইপিজেড নির্মাণ কার্যক্রম বন্ধ, তিন সাঁওতাল হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, সাঁওতাল-বাঙালিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, বাপ-দাদার জমি ফেরতসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানান।