বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশনা ছাত্রদলের

দেশে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতিতে বন্যাদুর্গত মানুষকে উদ্ধার ও ত্রাণ সাহায্য বিতরণে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে ছাত্রদল। গতকাল সোমবার দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, নীলফামারী ও গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যাদুর্গত এলাকাগুলোতে উদ্ধারকাজ পরিচালনা ও বন্যার্তদের সহযোগিতা প্রদান এখনো পর্যাপ্ত নয়।

নির্দেশনাগুলো হলো সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে; উদ্ধারকাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিটে প্রয়োজনীয়সংখ্যক রেসকিউ টিম প্রস্তুত রাখতে হবে; স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে পরামর্শক্রমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে। শুকনো কিংবা রান্না করা খাবার, খাবার স্যালাইন, ফিটকিরি/পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখতে হবে; যারা বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাবে তাদের বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থানীয়দের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে; বন্যা-পরবর্তী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে; সবক্ষেত্রে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের অগ্রাধিকার প্রদান করতে হবে; বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দুর্গত এলাকায় চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল টিম গঠন করা হবে।