শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের চারদিন পর শহিদ মিয়া (১৮) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গিলাগাছা হতে কুচনিপাড়া সড়কের ব্রীজের পাশে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।
মৃত শহিদ পার্শ্ববর্তী নালিতাবাড়ীর নন্নী এলাকার অলি মাহমুদের ছেলে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৬ সেপ্টেম্বর শহিদ মিয়া বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে বাড়ি ফিরে না যাওয়ায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। সোমবার বিকালে শ্রীবরদী উপজেলার গিলাগাছা হতে কুচনিপাড়া সড়কে ব্রীজের পাশে আব্দুল হাকিমের ধান ক্ষেতে একটি গলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, সোমবার সন্ধ্যায় স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহতের স্বজনরা থানায় এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।