তিন বছর ধরে হৃতিকের সঙ্গে সম্পর্ক সাবার, জানালেন দুজনই

‘মুঝসে ফ্র্যান্ডশিপ করোগে’-র নায়িকা এবং পেশাদার গায়িকা সাবা আজাদের সঙ্গে বলিউড তারকা হৃতিক রোশনের প্রেমের গুঞ্জন  চাউর হয়। তার পর থেকেই সাবাকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে মানুষের মধ্যে। তবে এখন আর সেটা গুঞ্জনে থেমে নেই। প্রকাশ্যেই তাদের সম্পর্ক। শুধু তাই নয়, সম্পর্কের আজ অ্যানিভার্সারি। এমনটাই হৃতিক নিজেই জানালেন। আজ মঙ্গলবার সাবার সঙ্গে একটি ছবি তুলে ইনস্টাগ্রামে পস্ট করেছেন হৃতিক। লিখলেন, হ্যাপি অ্যানিভার্সারি পার্টনার। 
 
তাদের সম্পর্ক শুরু হয়েছিল এ অক্টোবরের এক তারিখ থেকেই। বিষয়টিকে আরো পরিস্কার করেছেন সাবা আজাদ। তিনি একই ছবি পোস্ট করে লিখেছেন, হ্যাপি থ্রি ইয়ার্স পার্টনার। 
 
সাবা জনপ্রিয় অভিনেত্রী না হলেও একাধিক ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সাবা। আসল নাম সাবা গড়েবাল। স্বেচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করে সাবা আজাদ নাম নিয়েছেন তিনি। কিন্তু তাঁর প্রাক্তন প্রেমজীবন নিয়ে জানার আগ্রহ সব থেকে বেশি হৃতিক-অনুরাগীদের। ফেলে আসা জীবনের সঙ্গে বলি অভিনেতা নাসিরউদ্দিন শাহের নাম জড়িয়ে থাকার ফলে সেই আগ্রহ আকাশছোঁয়া।
 
জানা গিয়েছে, দুই সদস্যের ইলেকট্রনিক মিউজিক ব্যান্ড ‘ম্যাডবয় মিঙ্ক’-এ সাবার সহ-গায়ক ছিলেন নাসিরউদ্দিন এবং রত্না পাঠক শাহের ছেলে ইমাদ শাহ। ২০১৩ সাল থেকে তাঁরা সম্পর্কে ছিলেন। সাত বছর পরে ২০২০ সালে বিচ্ছেদ হয়ে যায় সাবা-ইমাদের।তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ জানা যায়নি। কিন্তু প্রায় ৭ বছর ধরে সহবাস করেছেন তাঁরা।
 
তার পরেই বলিউডের ‘গ্রিক দেবতা’ হৃতিকের সঙ্গে তাঁর ভিডিয়ো ছড়িয়ে পড়ে চার দিকে। দুই শিল্পী হাতে হাত ধরে মুম্বাইয়ের এক রেস্তোরা থেকে বেরোনোর সময়ে পাপারাজ্জিদের পাল্লায় পড়েন।
 
সাবার সঙ্গে যোগাযোগ করেছিল  ভারতীয় সংবাদমাধ্যম। হৃতিকের প্রসঙ্গ উঠতেই একটু অপ্রস্তুত হয়ে সাবা বলেছেন, ‘‘আমি একটু কাজে আছি। পরে ফোন করব।’’ সেই ফোন আর আসেনি। কিন্তু প্রেম করার খবরে সাবা শিলমোহর না দিলেও নাকচও করেননি। আর তা থেকেই খানিক নিশ্চিত হয় বলিউড।