কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সিনিয়র সচিব কবির বিন আনোয়ারসহ তিনজনকে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার একটি আদালত। অন্যদিকে ধানম-ির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার পৃথক আদালত এসব আদেশ দেয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন কবির বিন আনোয়ার, তার স্ত্রী তৌফিকা আহমেদ ও বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। দুদকের উপপরিচালক মো. জাকারিয়া এ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

সাবেক এমপি জ্যাকব রিমান্ডে : এক যুগ আগে সাভারে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম জামিনের আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ড আবেদন করেন।