চাঁদপুরে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

চাঁদপুরে মেঘনা নদীতে রাতের আঁধারে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) গভীর রাতে জেলার মতলব উত্তর উপজেলার বোরোচর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আরিফ উল্লাহকে সরকার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, মেঘনা নদীর বোরোচর এলাকায় একদল দুর্বৃত্ত রাতের আধারে বালু উত্তোলনের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন দুর্বৃত্তদের বাঁধা দিতে গিলে হামলার শিকার হয়। তাদের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া সংঘর্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

আহত আরিফ উল্লার মেয়ে তানজিলা বলেন, মঙ্গলবার রাত ২টায় হট্টগোলের খবর পেয়ে আমার বাবা নদীতে যায়। সেখান একদল লোক বালু উত্তোলনের চেষ্টা করছে। তাদের বাঁধা দিতে গিয়ে আমার বাবা গুলিবিদ্ধ হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, এই বিষয়ে আমরা অবগত নই। সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুর সদর হাসপাতালের সহকারী রেজিস্টার (সার্জারী) ডা. মো. রফিকুল হাসান ফয়সাল বলেন, আরিফ উল্লাহর শরীরের বিভিন্ন স্থানে ছড়া গুলি রয়েছে। খাদ্য নালী ছিদ্র হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে সম্প্রতি রাতের আঁধারে মেঘনা নদীতে বালু উত্তোলন চেষ্টাকালে বেশকিছু ড্রেজার জব্দ ও অর্ধশত শ্রমিক আটক করে জেলহাজতে পাঠানো হয়।