গুলশানের জোড়া খুনের রহস্য উন্মোচন

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০২:০৭ পিএম

রাজধানীর গুলশানে জোড়া খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারকৃতের নাম রুমন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি।

গ্রেপ্তারকৃতের কাছ থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতে গিয়ে অল্প বেতন এবং কাজ-কর্ম নিয়ে মালিকের সঙ্গে মনমালিন্যের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়।

বুধবার (২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর গুলশান-২ এর ১০৮ নাম্বার বাড়ির কেয়ারটেকার ছিলেন খুন হওয়া রফিকুল ইসলাম। সেই প্লটের পাশেই তার চায়ের দোকান ছিল। আর খুনের শিকার আরেকজন সাব্বির ছিলেন তার দোকানের কর্মচারী। তারা দুজনেই একই মেসে থাকতেন। সাব্বির এক পর্যায়ে রফিকুলকে চাকরি ছাড়ার কথা জানানোর পর কিশোরগঞ্জের কটিয়াদির রুমনকে কাজে রাখেন রফিকুল।

তিনি আরও জানান, চাকরিরত অবস্থায়ই রুমনের সঙ্গে রফিকের মনমালিন্য শুরু হয়। এরপর কয়েক দফা বাকবিতণ্ডাও হয়। এরই জের ধরে রফিককে তার বাসস্থানে খুন করে রুমন। আর এই ঘটনা দেখে ফেললে খুন হন সাব্বিরও।

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, দোকান মালিক রফিকের কাছে এক পক্ষের লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল। ওই পক্ষটি রুমনকে টাকার লোভ দেখিয়ে হত্যায় জড়িত করে। রুমনসহ এই হত্যায় আরও দুজন জড়িত ছিল। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত