ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটজনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার (২ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান সাক্ষ্য না আসায় মামলা কাযক্রম স্থগিত করেন।
মামলায় অপর আসামিরা হলেন— সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি সদস্য মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু ও খন্দকার এনামুল হক এনাম।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানাধীন মিন্টু রোডে মির্জা ফখরুল ইসলাম ও রিজভীর নেতৃত্বে ২০০ থেকে ২৫০ নেতা-কর্মী লাঠিসোটা নিয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করেন ও বিস্ফোরণ ঘটান।
এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচালক মো. আয়নাল বাদী হয়ে মামলা করেন। ২০১৭ সালের ২৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। সাত বছরে সাক্ষী না আসায় মামলার কাযক্রম স্থগিত করে আসামিদের অব্যাহতি দেন আদালত।