রংপুরের কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদী ফুলে-ফেঁপে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। হু হু করে পানি বাড়া-কমায় দেখা দিয়েছে নদীভাঙন। ঢলের তোড়ে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের মৌলভীবাজার এলাকার একটি সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এতে বালাপাড়া, শহীদবাগ, হারাগাছ ও লালমনিরহাটের ১০ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে।
সূত্র মতে, রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে ইউএসএ আইডির অর্থায়নে ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় চরাঞ্চলের প্রান্তিক মানুষের চলাচলের সুবিধার্থে ২০১০ সালে ৩৭ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু ঢলের পানির তোড়ে নির্মিত সেতুর দুপাশের সংযোগ সড়কের মাটি ধসে পড়ে।
এলাকাবাসী জানায়, এই সেতু দিয়ে প্রতিদিন গোপীডাঙ্গা, মৌলভীবাজারসহ প্রায় ১০ গ্রামের লোকজন বিভিন্ন স্থানে যাতায়াত করছে। এ ছাড়া লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের ভরসা এই সেতুটি। এর দুই পাশের মাটি ধসে পড়ায় এখন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তারা। স্থানীয়দের দাবি, দুই পাশে ধসে যাওয়া মাটির সংযোগ সড়কটি দ্রুত সংস্কার করে সেতুটি চলাচলের উপযোগী করা হোক।
গোপীডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলী বলেন, ‘কী আর কমো বাহে। ব্রিজ আছে, কিন্তু চলাচল করিবার পাই না। হামার ভাগ্যই খারাপ। কেউ খোঁজ নেয় না। কষ্টো থাকি গেলো।’ কাউনিয়া উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি বলেন, ‘সেতুটির বিষয়ে আমরা এরই মধ্যে সরেজমিন সার্ভে করেছি। গত কয়েক দিনের বন্যার পানির স্রোতে সেতুটির সংযোগ সড়ক ভেঙে গেছে। অর্থ বরাদ্দ সাপেক্ষে এর সংস্কারকাজ করা হবে।’
কাউনিয়া ইউএনও মহিদুল হক বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সরেজমিন পরিদর্শন করে অতি দ্রুত বিকল্প পথে যাতায়াতের জন্য ব্যবস্থা করা হবে।’