হত্যা ও হামলার অভিযোগে আ.লীগের ১৬ জন গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ এবং সাবেক এক্সিম ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের (বিএবি) সাবেক সভাপতি ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।

ওদের মধ্যে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা নাসেরকে চার দিন এবং যুব ও ক্রীড়া সচিব মেজবাহকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইমন হোসেন গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

হত্যা মামলায় সাবেক সচিব নাসের-মেজবাহ রিমান্ডে : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীর চার দিন ও যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় কামাল নাসের ও য্বুদল নেতা শামীম হত্যা মামলায় মেজবাহের এ রিমান্ড মঞ্জুর করে আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ৭ দিনের রিমান্ডে : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইমন হোসেন গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী নামের এক যুবক। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে গত ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরায় হত্যা মামলায় আ.লীগের পাঁচ নেতা গ্রেপ্তার : উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থীসহ দুজনকে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আল মামুন মিয়া ও ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল মোতালিব, আওয়ামী লীগ কর্মী সাব্বির, মারুফ ও ইব্রাহীম।

পল্পবীতে যুবলীগের তিন নেতা গ্রেপ্তার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পল্লবী থানায় করা মামলায় যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন পল্লবী থানার বাউনিয়া এ-ব্লকের যুবলীগের সভাপতি আবদুর রহমান ওরফে সুজন, সি-ব্লকের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন খান ও সদস্য সোহেল।

খিলগাঁওয়ে আন্দোলনে হামলার অভিযোগে গ্রেপ্তার ২ : খিলগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন খিলগাঁও থানার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রানা ওরফে পিস্তল রানা এবং ১ নম্বর ওয়ার্ডের সাবেক শ্রমিক লীগ সভাপতি তাজুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় খিলগাঁও থানায় রুজুকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আন্দোলন চলাকালে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ৩ : রাজধানীর ওয়াইজঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ভোলার শশীভূষণ থানার সাবেক চেয়ারম্যান মাহবুব আলম খোকন, ভোলার চরফ্যাশন কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. জাহিদ হাসান ও শশীভূষণ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।