শরীয়তপুরের নড়িয়া-জাজিরা কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুটওভার ব্রিজের পিলারে বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে ব্রিজের একাংশ। গতকাল বুধবার সকালে ঘটনাটি ঘটে। এ সময় একজন শ্রমিক আহত হয়। এমন ঘটনায় বাল্কহেড চালকসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, এমবি নওশান এন্টারপ্রাইজ নামের বাল্কহেডটি সকাল ৯টার দিকে নড়িয়া পদ্মা নদী থেকে কীর্তিনাশা হয়ে শরীয়তপুর সদর যাওয়ার পথে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের পিলারে ধাক্কা দেয়। এ সময় ব্রিজের মধ্যের অংশ বাল্কহেড ওপর ভেঙে পড়ে। বাল্কহেডটি জব্দসহ চালক হাসান হাওলাদার ও সোহেল কিবরিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ইউএনও কার্যালয়ে নেওয়া হয়। জেলা এলজিইডি জানায়, ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে গত মে মাসে ১০০ মিটারের ফুটওভার ব্রিজটির কাজ শুরু হয়। চলতি মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল।
শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএম রাফেউল ইসলাম বলেন, যাত্রীদের হেঁটে পারাপারের সুবিধার্থে নদীর ওপর ১০০ মিটারের ফুটওভার ব্রিজ নির্মাণ করছে কোহিনূর এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ মাসেই ব্রিজটি চালু হওয়ার কথা ছিল। এখন ব্রিজটি সংস্কার করে চলাচলের উপযোগী করতে অন্তত তিন মাস সময় লাগতে পারে।