মাদারীপুরের সাবেক এমপি এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ পাঁচজনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। অন্য যাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন, তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী, মেয়ে নন্দিতা সুর চৌধুরীর ও রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জল মল্লিক। মামলার অনুসন্ধান চলাকালে দুদকের পক্ষ থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে।