হোটেলে যুবক খুন পলাতক হোটেল মালিক ও ম্যানেজার

রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকার হাজি আবাসিক হোটেল থেকে সাখাওয়াত হোসেন শরীফ নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি কিশোরগঞ্জ সদরে। এ ঘটনায় হোটেল মালিক খন্দকার রাহাত ও ম্যানেজার পলাতক রয়েছেন। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণখান থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা। তিনি বলেন, সোমবার রাতে মরদেহ উদ্ধার করা হলেও হোটেল রেজিস্টারে সোমবার সকাল ৬টায় হোটেল ছাড়ার তথ্য রয়েছে। গত রবিবার রাত ১০টার দিকে সাখাওয়াত স্ত্রী হাজেরা খাতুনকে নিয়ে হোটেলটির ১০৮ নম্বর কক্ষে ভাড়ায় ওঠেন। ওসি বলেন, হোটেলের রেজিস্টারে মৃত শরীফ উল্লেখ করেন, সোমবার ভোর ৬টায় তারা হোটেল ত্যাগ করেন। তাহলে কীভাবে ওই হোটেলেই খুন হলেন শরীফ? ঘটনার পর তার স্ত্রীইবা কোথায় গেলেনÑ এমন নানা প্রশ্ন নিয়ে তদন্ত করছে পুলিশ।