নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চাঁদা দাবি ও মারধরের ঘটনায় সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন ব্যবসায়ী মো. শাহ আলম।
গতকাল বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে শাহ আলম বাদী হয়ে মামলাটির আবেদন করলে আদালতের নির্দেশে ফতুল্লা থানায় মামলাটি রুজু করা হয়।
মামলায় কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ, মো. মোকারিম, শাহাদৎ হোসেন সেন্টুসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে আরও পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলায় বাদী অভিযোগ করেন, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ব্যবসায়িক কাজে যাওয়ার সময় পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা ২০ লাখ টাকাসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নেন অভিযুক্তরা। এ সময় তারা তাকে অপহরণ করে আলীগঞ্জে মোকারিমের অফিসে নিয়ে যান। পরে তাকে মারধর করে ১০টি ফাঁকা চেকের পাতা ও স্ট্যাম্পে সই নেন। আসামিরা অজ্ঞাতপরিচয় আরও অনেকের সহায়তায় এলাকার বেশ কয়েকজনের প্রায় ৭ কোটি ৫ লাখ টাকার সম্পত্তি আত্মসাৎ করে নেন। হারুন অর রশীদ বড় পুলিশ কর্মকর্তা হওয়ায় এত দিন এ বিষয়ে মামলা করার সাহস করেননি।
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে।