আওয়ামী লীগ ও ১৪ দলের বিরুদ্ধে গণগত্যার অভিযোগ

গণহত্যার হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর নামে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গতকাল বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এ আবেদন করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। এতে আওয়ামী লীগ এবং  ১৪ দলের শরিক রাজনৈতিক দল সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মেনন), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ),  গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ ও জাতীয় পার্টি জেপিকে অভিযুক্ত করা হয়েছে।

ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক অভিযোগ : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে দশম শ্রেণির ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫  জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগটি দাখিল করেন আনাসের বাবা পলাশ। এতে শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। প্রসঙ্গত, ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট প্রধান মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিনি, তার সরকারের সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে ৩৫টি ও তদন্ত সংস্থায় ১৬টিসহ ৫১টি অভিযোগ দায়ের করা হয়েছে।