ভারত মহাসাগরে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য। অর্ধশতকের বেশি সময় ধরে সামরিক কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ চাগোস দ্বীপপুঞ্জ নিজেদের দখলে রাখার পর স্বাধীনতা দিতে রাজি হয়েছে দেশটি। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য ও মরিশিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। চুক্তির আওতায় দিয়েগো গার্সিয়া প্রবালপ্রাচীরকেও মরিশাসের হাতে তুলে দেওয়া হবে।
চাগোস দ্বীপপুঞ্জের দিয়েগো গার্সিয়া দ্বীপটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই দ্বীপে একটি মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি রয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, ঘাঁটিতে আগামী ৯৯ বছরের জন্য সামরিক কর্মকাণ্ড পরিচালিত হবে। বিপরীতে মরিশাসের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে চাগোস দ্বীপপুঞ্জের বাসিন্দাদের পুনর্বাসনেরও প্রতিশ্রুতি রয়েছে।
চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে অতীতে অনেকবারই কূটনৈতিক প্রশ্নের মুখে পড়েছিল যুক্তরাজ্য। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এই দ্বীপপুঞ্জ শাসনের জন্য মরিশাসের অবস্থানকেই সমর্থন করে এসেছে। স্বাধীনতা পাওয়ার শর্ত হিসেবে চাগোস দ্বীপগুলো ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল মরিশাসকে। পরে এই দ্বীপগুলোর মধ্যে দিয়েগো গার্সিয়াকে গোপনে যুক্তরাষ্ট্রের কাছে ইজারা দেয় যুক্তরাজ্য।