টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের ‘টাইম১০০ নেক্সট ২০২৪’-এর তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তালিকাটিতে ‘লিডারস’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।

টাইমের ওয়েবসাইটে গত বুধবার তালিকাটি প্রকাশ করা হয়। এবার পঞ্চমবারের মতো এ তালিকা প্রকাশ করা হলো। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০০ ব্যক্তিকে পাঁচ ক্যাটাগরিতে তুলে ধরা হয়েছে।

লিডারস ক্যাটাগরিতে নাহিদ ইসলাম ছাড়াও অন্যদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির ‘কো-চেয়ার’ লরা ট্রাম্প স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের টেলিভিশন ব্যক্তিত্ব লরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী।

নাহিদ ইসলাম সম্পর্কে টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছর না পেরোতেই বিশ্বের অন্যতম ক্ষমতাধর একজনকে ক্ষমতাচ্যুত করতে ভূমিকা রেখেছেন তিনি। যেসব ছাত্রনেতা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন সূচনা করেছিলেন, সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম তাদের অন্যতম। দেশটির গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতনের শিকার হওয়ার পর তিনি আরও ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। আন্দোলনের এক পর্যায়ে নাহিদ ইসলাম শেখ হাসিনার পদত্যাগের এক দফা কর্মসূচির ঘোষণা করেন।

এতে আরও বলা হয়, বাংলাদেশের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে জেন-জির (জেনারেশন জেড) যে দুই প্রতিনিধি জায়গা পেয়েছেন, নাহিদ তাদের একজন। দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার করা তাদের কাজ, যা গত ১৫ বছরে ক্রমেই কর্র্তৃত্ববাদী হয়ে ওঠা সরকারের আমলে নষ্ট হয়ে গেছে।

নাহিদ ইসলাম টাইমকে বলেন, ‘কেউ ভাবেনি তাকে (শেখ হাসিনা) ক্ষমতাচ্যুত করা হবে। কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই আমাদের নতুন প্রজন্মের আশা-আকাক্সক্ষা বুঝতে হবে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে মহামারীর মতো ছড়ানো রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন।’

টাইম জানিয়েছে, সমাজের নানা ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালনকারী ব্যক্তিত্বরা এ তালিকায় স্থান পান। এতে বয়সের কোনো বাধা নেই। চলতি বছর যারা এ তালিকায় মনোনীত হয়েছেন, তাদের অধিকাংশই অশ্বেতাঙ্গ এবং অর্ধেকের বেশি নারী।

টাইম১০০নেক্সট ২০২৪-এর এবারের তালিকায় নানা ক্ষেত্রে অবদানের জন্য আরও যারা স্থান পেয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য গায়ক-গীতিকার সাবরিনা কার্পেন্টার, অভিনেতা আনা সাওয়াই, টেনিস খেলোয়াড় জ্যানিক সিনার, পাকিস্তানি অধিকারকর্মী মাহরাং বালুচ।

২০২৩ সালে এ তালিকায় স্থান পেয়েছিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট জে ডি ভান্স ও স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফের মতো ব্যক্তিত্বরা।