রাজধানীর বনশ্রী এলাকার মুদির দোকানের কর্মচারী মিজানুর রহমান হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আজিজুল হক ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. ওবায়দুল ইসলাম রানা।
আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, মিজানুর রহমান ছিলেন খিলগাঁও থানার বনশ্রী এলাকায় একটি মুদি দোকানের কর্মচারী। গত ১৯ জুলাই মিজানুর জুমার নামাজ শেষে বিকেল তিনটার দিকে দোকান খোলার জন্য বাসা থেকে বের হন সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গোলাগুলি চলছিল। বনশ্রী এলাকায় পৌঁছালে কোন কিছু বুঝে ওঠার আগেই মিজান বাম পায়ে গুলিবিদ্ধ হন। পরে তার স্ত্রী, বোন ও ভগ্নিপতির সহায়তায় নিকটস্থ অ্যাডভান্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে দ্রুত আগারগাঁও পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরও রক্ত বন্ধ না হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় নিহতের বাবা কামাল হোসেন মোল্লা গত ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় মামলা দায়ের করেন।
মামলা তদন্ত কালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারকৃতদের অবস্থান শনাক্ত করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে আজিমুল এবং ওবায়দুলকে করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।