‘বিশ্বকাপ না জিতে বিয়ে করব না’ -সত্যিই এমনটা বলেছিলেন রশিদ?

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৩:০৭ পিএম

হুট করেই আফগানিস্তানের লেগ স্পিন সুপারস্টার রশিদ খানের বিয়ের খবর এলো। আরও তিনজনকে নিয়ে একসঙ্গে তিনি গতকাল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার জাতীয় দলের সতীর্থরা। রশিদের বিয়ের খবর প্রকাশ হতেই ক্রিকেটপ্রেমীরা বলতে শুরু করেছেন, আফগান স্পিনার নিজের কথা রাখতে পারলেন না!

চার বছর আগে ২০২০ সালে রশিদ খানের একটি বক্তব্য গণমাধ্যমে এসেছিল। তিনি নাকি বলেছিলেন, বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়ে করবেন না। কিন্তু ২০২২ সালে বাংলাদেশ সফরে এসে রশিদ দাবি করেন, তিনি এ ধরনের কথা কোথায় বলেছেন, তা জানা নেই। অর্থাৎ তিনি পরিস্কারভাবেই এমন বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেছিলেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রশিদ বলেছিলেন, ‘আমি এটা অনেকবারই শুনেছি, আমি নাকি বিশ্বকাপ জয়ের পর বিয়ে করব। জানি না কোথায় এটা বলেছি। আমার কাছে এটার কোনো ভয়েস ক্লিপ নেই। তবে এটা সত্যি যে এ নিয়ে সমর্থকদের অনেক বার্তা পাই। আমি একবার মিডিয়ায় বলেছিলাম, আগামী দুই বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই। কারণ, একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। তারপর বিয়ের ব্যাপারে ভাবব। মানুষ এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে।’

রশিদের কথায় পরিস্কার, তার বক্তব্যেকে ভিন্নভাবে প্রকাশ করেছিল কোনো একটি আন্তর্জাতিক গণমাধ্যম। তবে রশিদ খানের বয়স নিয়ে বিতর্ক কিন্তু এখনও থামেনি। ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, কত বছর বয়সে বিয়ে করলেন রশিদ? তার অফিসিয়াল বয়স তো দেখাচ্ছে ২৬। প্রকৃত বয়স কত- সেটা নিয়ে আগেও জলঘোলা কম হয়নি। এখনও হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত