থামছে না চুরি ছিনতাই বাড়ছে খুন নির্যাতন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চুরি-ছিনতাই নিত্যনৈমিত্তিক ঘটনায় রূপ নিয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে মাদক, নারী ও শিশু নির্যাতন এবং হত্যার মতো ঘটনা। সাধারণ জনগণের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ভোগান্তির শিকার হচ্ছেন অনেক সময়। চুরি-ছিনতাইয়ে বাধা দিলে ছুরিকাঘাত করা হয় সেই ব্যক্তিকে। এতে প্রাণহানির ঘটনাও ঘটছে হরহামেশাই। পৌর এলাকার মোটরসাইকেল, নগদ টাকা ও স্বর্ণালংকার এবং গ্রামাঞ্চলে বৈদ্যুতিক সেচ পাম্প, গরু ও ব্যাটারিচালিত ইজিবাইক চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থানায় গত ২১ মাসে ৪৮৮টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে মাদক ৯৮টি, নারী ও শিশু আইনে ৫৭টি, চুরি ৩৩টি, হত্যা ১২টি, দস্যুতা তিনটি, অস্ত্র দুটি এবং অন্যান্য মামলা ২৮৩টি।

গত তিন মাসে উপজেলার উচাখিলা ও রাজিবপুর ইউনিয়ন থেকেই চুরি হয়েছে দুই শতাধিক বৈদ্যুতিক সেচ পাম্প। চোর আতঙ্কে দিন কাটছে এসব এলাকার হাজারো কৃষকদের। আর পৌর শহরের বাসাবাড়ি থেকে যেকোনো তালা ভেঙে মোটরসাইকেল নগদ অর্থ এবং স্বর্ণালংকার চুরি হচ্ছে।

উপজেলার উচাখিলা ইউনিয়নের আবদুল্লাহ, মুরশেদুল মুন্সী, আবু সাঈদ, মানিক মিয়াসহ প্রায় ২০ জন কৃষক জানান, গত তিন মাসে তাদের এলাকা থেকে দুই শতাধিক বৈদ্যুতিক সেচ মোটর চুরি হয়েছে। এ নিয়ে বিভিন্ন স্থানে অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না।

পৌর এলাকার বাসিন্দা ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম বলেন, ‘চলতি বছর আমার বাসার গেট ও রুমের তালা ভেঙে ছয় ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে চোরেরা। এখনো ওই ঘটনার রহস্য উদঘাটন ও চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়নি। এমন ঘটনা প্রায়ই ঘটছে পৌর এলাকায়।’

গত মঙ্গলবার রাতে উপজেলার জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আরমান মিয়াকে (২৪) ডিউটিরত অবস্থায় কুপিয়ে বিদ্যালয়ের বারান্দায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষাণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা করেন। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের স্কুলছাত্র রাব্বি মিয়া (১৩) অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। সে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে বাবার কাজে সাহায্য করত। পরদিন শুক্রবার ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকার বানার নদের সেতুর নিচ থেকে রাব্বির লাশ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, অটোরিকশা ছিনতাই করার পর তাকে হত্যা করে চক্রটি।

স্থানীয়রা বলেন, ‘উপজেলায় মাদক-চুরি, নারী নির্যাতন-খুন উদ্বেগজনক হারে বেড়েছে। পুলিশের নীরবতায় এসব অপরাধ আরও মাথাচাড়া দিয়ে উঠেছে।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ‘সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন চুরি মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিট পুলিশিং কার্যক্রম জোরদারের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে।’