ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতাসহ ২৮ শিক্ষার্থী বহিষ্কার

ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও আছেন।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। 

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান এবং শিক্ষার্থী মাশফিক আনোয়ার, মেহেদী হাসান, অনুপম দত্ত, মাহিদুল হক, জাহিদুল ইসলাম, মঞ্জুরুল হক, রাকিবুল হাসান, আলমগীর হোসেন, আশিক উদ্দিন, শিপন হাসান, সৈয়দ রায়হান আল আশরাফ, রায়হান ফাল্গুন, অর্ণব সাহা, কামস আরেফিন, আসিফ রায়হান, দিগন্ত সরকার, কুবের চক্রবর্তী, সিয়াম জাওয়াদ, সঞ্জীব সরকার, সাইফুল ইসলাম, মুনতাসুর রাতুল, সানজিদ আহমেদ, শাহরিয়ার ইফতেখার, আশিক মাহমুদ, আসিফ ইকবাল ও মেরাজ হোসেন।

সাময়িক বহিষ্কৃতদের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদকসেবন, সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নির্যাতনের অভিযোগ রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ সূত্র জানায়, এসব শিক্ষার্থীর অভিযোগের তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। উপাধ্যক্ষ জিম্মা হোসেনকে সভাপতি এবং মো. বদর উদ্দীনকে সদস্যসচিব করে সাত সদস্যের তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।