ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলায় শিশু ওয়ার্ডে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ আগুনের ধোঁয়া ও চিৎকারে অনেক রোগী ও স্বজন দিশেহারা হয়ে পড়েন। আতঙ্কিত স্বজনেরা তাদের রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় হাসপাতাল এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন জানান, বিকেল ৪টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সদর ফায়ার স্টেশনের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, আগুন লাগার বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানা গেছে।
