তিনি আমার অনুপ্রেরণা, আমার দিকনির্দেশক

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে সব মহান শিক্ষককে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা। একজন মানুষকে অজ্ঞতার আঁধার থেকে জ্ঞানের আলোর পথে নিয়ে আসেন একজন শিক্ষক। পথপ্রদর্শক হয়ে আমাদের পথকে আলোকিত করেন এবং আমাদের জীবনের যাত্রায় সাহায্য করে। শিক্ষকদের প্রভাব শিক্ষার্থীর জীবনে অপরিমেয়। তাদের অবদান অমূল্য। শিক্ষকরা পিতা-মাতার মতো, যুগে যুগে বিশ্বমানবতার অগ্রযাত্রায় তাদের অবদান অনস্বীকার্য।

স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাড়াও আমার সৌভাগ্য হয়েছে অনেক মহান শিক্ষকের সান্নিধ্য পাওয়ার। যাদের সাহায্যে আমার পথচলা হয়েছে অনেকটা মসৃণ।

শিক্ষক কি শুধু তারাই যারা স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটিতে পড়ান? অন্য সবার কাছে কী তা জানি না, তবে আমরা কাছে তা না। আমার জীবনের সেরা শিক্ষক আমার প্রথাগত কোনো শিক্ষক না। আমি ওনার কাছে নির্দিষ্ট কোনো কোর্স করিনি। করিনি কোনো নির্দিষ্ট শিল্পের অনুশীলন। কিন্তু তাও তিনি আমার সব বিষয়ের শিক্ষক। তিনি আমার অনুপ্রেরণা, আমার দিকনির্দেশক। উনি আমার গাইড।

যার কথা বলছি তার পোশাকি নাম ইশরাত রহমান নাদিয়া। পেশাগত জীবনে উনি শিক্ষকতাই করেন, কিন্তু আমি উনাকে কোনো প্রতিষ্ঠানে পাইনি। উনি আমার পরিবারের সদস্য, আমার প্রিয় শিক্ষক। আমি তাকে পেয়েছি আমার সব ব্যর্থতায়, সব সাফল্যে। আমার সামনে যখনই কোনো রাস্তা বন্ধ হয়ে গেছে তখনই উনি আমার সামনে নতুন রাস্তা উন্মোচন করেছেন। আমি যখনই অন্ধকার দেখেছি উনি তখনই আলোর দিশারি হয়ে আবির্ভূত হয়েছেন।

আমার মনে পড়ে না উনি কখনো আমাকে কোনো নির্দিষ্ট পরামর্শ দিয়েছেন কি-না, তবে আমার সব প্রাপ্তিতে ওনার অবদান অনস্বীকার্য। উনি আমার সামনে অনেকগুলো দিক তুলে ধরেন আর আমাকে ভাবতে বাধ্য করেন কোনটা আমার জন্য প্রযোজ্য।

একজন প্রথাগত শিক্ষক নির্দিষ্ট গণ্ডির মধ্যে শেখান কিন্তু আমার প্রিয় শিক্ষক আমাকে শিখিয়েছেন এবং এখনো শেখাচ্ছেন কীভাবে সম্মান করতে হয়, কীভাবে সম্মান পেতে হয়, কীভাবে চলতে হয়, বলতে হয়, কীভাবে ভাবতে হয়; এমনকি উনি আমাকে শিখিয়েছেন কীভাবে খেতে হয়। আমার জীবনের সব ক্ষেত্রে ওনার উপস্থিতি বিদ্যমান। এমন একজন শিক্ষক পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।

লেখকঃ শিক্ষার্থী, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি