দেশে ডেঙ্গুতে আরও পাঁচজন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) যারা মারা গেছে, তাদের মধ্যে তিনজন ঢাকার দুই সিটি করপোরেশনে এবং দুজন বরিশাল বিভাগের হাসপাতালে ভর্তি ছিল। এ নিয়ে এ মাসের গত পাঁচ দিনে মারা গেল ১৬ জন।
এ সময় নতুন করে আরও ৯২৭ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ মাসে রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ ডেঙ্গুর এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে নতুন যে পাঁচজন মারা গেছে, তাদের মধ্যে তিন পুরুষ ও দুই নারী রয়েছে। পুরুষদের মধ্যে শূন্য থেকে পাঁচ বছর বয়সী এক শিশু এবং ৪১-৪৫ বছর ও ৫৬-৬০ বছর বয়সী একজন করে মধ্য বয়সী রয়েছে।
নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬০, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭২, ঢাকা বিভাগে ১৭৩ ও বরিশাল বিভাগে ১০২ জন। এরপর খুলনায় ৭৬, চট্টগ্রামে ৪৯, ময়মনসিংহে ৩৮, রংপুরে ৩০, রাজশাহীতে ১৮ জন ও সিলেটে ৯ জন ভর্তি হয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ৫৯৫ জন বা ৬৪ শতাংশ পুরুষ এবং ৩৩২ জন বা ৩৬ শতাংশ নারী।
এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ৩৬৫ জন। তাদের মধ্যে ৬৩ শতাংশ বা ২২ হাজার ৩৩৯ জন পুরুষ এবং ৩৭ শতাংশ বা ১৩ হাজার ২৬ জন নারী।
এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে ঢাকা দক্ষিণ সিটিতে, ৭ হাজার ৯৩৭, চট্টগ্রাম বিভাগে ৭ হাজার ১৪২ এবং ঢাকা উত্তর সিটিতে ৭ হাজার ১০৮ জন। এরপর ঢাকা বিভাগে ৫ হাজার ৭২, বরিশাল বিভাগে ৩ হাজার ৯০ এবং খুলনায় ২ হাজার ৭৬৬ রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া ময়মনসিংহে ভর্তি ৯১৫, রাজশাহীতে ৭৪৪, রংপুরে ৪৮০, সিলেটে ৬৩ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৪৫ জন ভর্তি হয়েছে।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৭ জন। এরপর ঢাকা উত্তর সিটিতে ২৬, বরিশালে ২০, চট্টগ্রামে ২১, খুলনায় ১০, ঢাকা বিভাগে ছয় এবং ময়মনসিংহ বিভাগে ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছে।