আস-সুন্নাহ ফাউন্ডেশনের গোলটেবিল বৈঠক

 বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের পরামর্শ

সম্প্রতি ভয়াবহ বন্যার শিকার দেশের দক্ষিণপূর্বাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ। সেই দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বন্যার কবলে পড়েছে দেশ। পাহাড়ি ঢল আর ব্যাপক বৃষ্টির কারণে শেরপুর জেলার নালিতাবাড়ীসহ কয়েকটি উপজেলা প্লাবিত হয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের এমন বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

গতকাল শনিবার রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘বন্যা পরিস্থিতি মোকাবিলা ও পুনর্বাসনে টেকসই কৌশল : প্রতিষ্ঠানের ভূমিকা ও সমন্বিত উদ্যোগ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা এ কথা বলেন।

 বৈঠকের শুরুতে ২০২৪ এর বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। সেই সঙ্গে তিনি গোলটেবিল বৈঠকের উদ্দেশ্য তুলে ধরে বলেন, এই বৈঠকের উদ্দেশ্য হলো, বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের করণীয় সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় অধ্যয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক (শাহবাজ) বলেন, উজান থেকে পানি আসবে সেই পানি নদী হয়ে বঙ্গোপসাগরে চলে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদী-খালগুলোর নাব্য কমে আসায় তা হচ্ছে না। আমাদের নদীগুলোকে উদ্ধার করতে হবে। তাকে তার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিতে হবে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সভাপতিত্বে এবং অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগের সঞ্চালনায় বৈঠকে আলোচনা করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মু. রেজাউল রাকিব, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম,  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ড. মুহাম্মদ মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগের প্রভাষক জাওয়াদ ইবনে ফরিদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আরিফ চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন প্রমুুখ।