আ. লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের আরও দুই নেতাকে গ্রেপ্তা করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) রাতে পল্লবী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পল্লবী থানার ৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন জনি।

জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর ১০ নং বাস স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের সড়কে আরো অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল মো. ইমন হোসেন আকাশ। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে ইমন গুরুতর আহত হয়। আহত ইমনকে স্থানীয় ডা. আজমল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমনের মা বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ দ্বীন ইসলাম ও মো. আকবর হোসেন জনিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ইমন হত্যা মামলায় গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে পল্লবী এলাকা থেকে পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করেছিল পল্লবী থানা পুলিশ।