বিদেশে টুর্নামেন্ট খেলতে যাবে বিপিএলের দল

একটা সময় বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে মাঠে গড়াতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। তবে সেটি এখন আর হয় না। তবে নতুন করে এমনই একটি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে।

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে গ্লোবাল সুপার লিগ। এই বছরের ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াতে পারে গ্লোবাল সুপার লিগ। সেই টুর্নামেন্টে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বিপিএলের দলকে।

আজ বোর্ড মিটিং শেষে মিরপুরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাকিকদের বলেন, 'গ্লোবাল সুপার লিগ, পাঁচটা দল নিয়ে খেলা হবে এবং ৫ টা দেশ থেকে আসবে। বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে আসবে। আমাদেরকে যাওয়ার অফার করেছে।'

এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য প্রথমে বলা হয়েছিল গেল বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দলকে। তবে তারা যেতে অপরাগতা জানিয়েছে।

ফারুক আহমেদ বলেন, 'আমরা প্রথমে গত বছরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে অফার করেছিলাম। তারা যেতে অপারগতা জানিয়েছে। তারপর আমরা আরেকটা সেমিফাইনালিস্ট (রংপুর রাইডার্স) দলকে দায়িত্ব দিয়েছি তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে।'