গাজা ও বৈরুতে বিমান হামলা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ এখন আর শুধু গাজায় সীমাবদ্ধ নেই। এক বছর ধরে চলমান এই সংঘাত সম্প্রসারিত হয়েছে ইসরায়েলের উত্তরের প্রতিবেশী দেশ লেবাননেও। কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে একটানা বিমান হামলায় চালিয়ে আসছে ইসরায়েল। তাতে যেমন একদিকে অস্থিতিশীল হয়ে উঠেছে অঞ্চলটি, অন্যদিকে ইরানের সঙ্গে ইসরায়েলের বড় পরিসরে যুদ্ধের আশঙ্কাও বাড়ছে প্রতিনিয়ত। ফিলিস্তিন ও লেবাননে বিমান হামলা চালানোর মধ্য দিয়ে হামাসের সঙ্গে যুদ্ধের এক বছর পূর্ণ হওয়া চিহ্নিত করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হামলায় গাজার দেইর-এল-বালাহ এলাকায় আল-আকসা মার্টিয়ার্স হাসপাতাল বিধ্বস্ত হয়েছে। ভবনটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো বলে দাবি সেনাবাহিনীর। পাল্টা জবাবে গতকাল সোমবার গাজা থেকে অন্তত চারটি ‘প্রজেক্টাইল’ নিক্ষেপ করেছে হামাস।

ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি জীবিত আছেন। গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছিলেন দেশটির দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। তবে সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তার সহকারী ইরাজ মাসজেদি বলেন, ইসমাইল কানি সুস্থ আছেন। তিনি স্বল্প সময়ের জন্য দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত আছেন। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর লেবানন সফরে গিয়েছিলেন কানি। গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতে হামলা চালায় ইসরায়েল। ধারণা করা হচ্ছিল ইসমাইল কানিও তখন দাহিয়েহতে অবস্থান করছিলেন। ইরানের রেভ্যুলুশনারি গার্ডের একটি শাখা হচ্ছে কুদস ফোর্স। মধ্যপ্রাচ্য জুড়ে হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তেহরানের সম্পর্ক ও লেনদেন তত্ত্বাবধান করে থাকে এই দলটি। হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করতে বৈরুতে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে, গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় নাসরাল্লাহর সঙ্গে থাকা রেভ্যুলুশনারি গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরাওশান নিহত হন।

ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল সোমবার ভোরে এই হামলা চালানো হয় বলে জানায় তেল আবিব। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে ‘ফাদি ওয়ান’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। হামলায় উত্তরাঞ্চলে অন্তত ১০ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে দুটি আর ৬৫ কিলোমিটার দূরে তাইবেরিয়াসে পাঁচটি রকেট আঘাত হেনেছে। পরে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কারমিয়েল শহরে একঝাঁক রকেট নিক্ষেপের কথাও জানিয়েছে হিজবুল্লাহ।

এদিকে, লেবাননের ইসলামি স্বাস্থ্য কর্তৃপক্ষের অধিভুক্ত একটি ফায়ার স্টেশনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত আটজন নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ব্রাশিট শহরে এ হামলার ঘটনা ঘটে। এর আগে গত সপ্তাহে মধ্য বৈরুতের তাদের একটি হাসপাতালে হামলা চালিয়ে দুই চিকিৎসকসহ সাতজনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। লাগাতার বিমান হামলায় বিপর্যস্ত লেবাননে সৌহাদ্যপূর্ণ সফরে গিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। সোমবার লেবাননে পৌঁছে মধ্যপ্রাচ্যে আগ্রাসনের জন্য ইসরায়েলকে দায়ী করেন তিনি। এ সময় হামলায় বাস্তুচ্যুতদের জন্য ১৩ টন ত্রাণসামগ্রী লেবানন কর্তৃপক্ষের হাতে তুলে দেন তিনি।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ইসরায়েলের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলা। এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ও ইরানের হামলার কারণে নিরাপত্তা বিষয়ে দুদশের শীর্ষ সামরিক কর্মকর্তার মধ্যে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি তেল আবিব।