সেই ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন জেপি ডুমিনি। সাবেক প্রোটিয়া তারকা এখন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ। আন্তর্জাতিক ক্রিকেটের আবহে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার কোনো প্রশ্নই নেই। কিন্তু বিশেষ এক পরিস্থিতিতে পাঁচ বছর পর তাকে আবারও দেখা গেল আন্তর্জাতিক ম্যাচে ফিল্ডিং করতে।
গতকাল সোমবার আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। মরুভূমির প্রচণ্ড গরমে তারা কাহিল হয়ে পড়েছিলেন। বেশ কয়েকজন ক্রিকেটার অসুস্থতা বোধ করলে আইরিশদের ইনিংসের শেষের দিকে বিকল্প ফিল্ডার হিসেবে মাঠে নেমে পড়েন কোচ ডুমিনি নিজেই।
ক্রিকেট মাঠে আপৎকালীন পরিস্থিতিতে সাপোর্ট স্টাফদের ফিল্ডিং করতে নামা বিরল কোনো ঘটনা নয়। তবে বেশিরভাগই প্রস্তুতি ম্যাচ বা ট্যুর ম্যাচে এমন ছবি দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে কোচের মাঠে নেমে পড়ার ঘটনা নিতান্তই বিরল। তাই ডুমিনির এই প্রচেষ্টা ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। যদিও তার দল হেরেছে ৬৯ রানে।