চট্টগ্রাম বন্দর

নিবন্ধনহীন গাড়ির জন্য সাইফ পাওয়ারটেককে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম বন্দর থেকে রেজিস্ট্রেশনহীন অবৈধ গাড়ি চলাচল রোধকল্পে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ একটি বিশেষ যৌথ অভিযান চালায়। মঙ্গলবার (৮ অক্টোবর) অভিযানে বন্দরের বিভিন্ন টার্মিনালে  সাইফ পাওয়ারটেক-এর নিবন্ধনহীন ৬০টি যানবাহন পাওয়া যায়।

অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অপু সতর্কতামূলক সাইফ পাওয়ারটেকের দশটি গাড়িকে (ট্রেইলার) রেজিস্ট্রেশন না থাকার কারণে ৩ লাখ টাকা জরিমানা করেন। এ সময় তিনি উপস্থিত সাইফ পাওয়ারটেক-এর সংশ্লিষ্টদেরকে দ্রুততম সময়ের মধ্যে সবগুলো গাড়িকে রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য নির্দেশনা প্রদান করেন।

এই যৌথ অভিযানে বিআরটিএ, চট্টগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন চট্ট মেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. আনোয়ার হোসেন, চট্ট মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খিশা, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারী আল-ফরহাদ ও এমিল চাকমা। সড়ক নিরাপত্তা সংক্রান্ত এই অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন বন্দর থানা পুলিশ ও ট্রাফিক জোন বন্দর।