উখিয়া

একই এনজিওতে চাকরিরত তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৮:০৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় একই প্রতিষ্ঠানে কর্মরত দুই এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলা সদরের পৃথক স্থান থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

তারা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার মাঝপাড়ার মোজাম্মেল হকের ছেলে মেহেরাব হোসেন (৩০) এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখলাল দেবের মেয়ে পপি দেব (২৭)। তারা দু’জনই আন্তর্জাতিক বেসরকারি সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালের কর্মী হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।

উখিয়া থানার ওসি আরিফ হোছাইন বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এক ভাড়া বাসায় যুবকের আত্মহত্যার খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে ফ্যানের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে পপি দেব নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে দুইজনের মৃত্যু আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত