১৩৯ প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

অস্থিতিশীল ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ৫৩ টিম অভিযান পরিচালনা করে। এ সময় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ১৩৯ প্রতিষ্ঠানকে ১০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত বাজার তদারকির অংশ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ৫৩ টিম সারা দেশে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।

এতে আরও বলা হয়, বাজার তদারকির সময় পাইকারি বিক্রয় রসিদে দর উল্লেখ না করা, ক্রয় রসিদ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত যৌক্তিক দামের অতিরিক্ত দামে ডিম বিক্রি করা, মূল্য তালিকা প্রদর্শন না করায় ১৩৯ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী আর্থিক জরিমানার আওতায় আনা হয়। এতে জরিমানা আরোপ ও আদায় করা হয় ১০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা।