পঞ্চগড়ে নিয়োগ বাতিলের দাবিতে আলটিমেটাম

পঞ্চগড় জেলা জজ কোর্টে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সরাসরি হস্তক্ষেপে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে ১০ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সচেতন পঞ্চগড়বাসী ও শিক্ষার্থীদের ব্যানারে জেলা জজ কোর্টের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে আয়োজিত মানববন্ধনে এই আলটিমেটাম দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মেধাবী, পঞ্চগড় জেলাসহ অন্য জেলার প্রার্থীদের প্রাধান্য না দিয়ে শুধু সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সরাসরি হস্তক্ষেপে অবৈধভাবে এই নিয়োগটি সম্পন্ন করা হয়। তাদের নিয়োগ আগামী ১০ দিনের মধ্যে বাতিল করে আবার নিয়োগ দিয়ে মেধাবী ও যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক এবং জেলা ও দায়রা জজ বরাবর স্মারকলিপি দেন।