বিএনপির মামলায় সাবেক দুই মন্ত্রীর সঙ্গে আসামি যুবদল নেতা

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সমাবেশে হামলার ঘটনায় করা মামলায় উপজেলা যুবদলের নেতা জয়নাল আবেদীনকে আসামি করা হয়েছে। গত সোমবার রাতে আনোয়ারা থানায় মামলাটি দায়ের করেন হামলার শিকার বিএনপি কর্মী তৌহিদ মিয়া।

মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১ নম্বর ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানকে ২ নম্বর আসামি করা হয়েছে। মামলায় ৭৮ নম্বর আসামি করা হয়েছে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীনকে। এছাড়া মামলায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের মোট ১১২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ২০ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আনোয়ারা উপজেলার কালা বিবি দীঘির মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলিবর্ষণসহ অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৮-২০ জন নেতাকর্মী আহত হন। এছাড়া ঘটনাস্থল থেকে কয়েকজন নেতাকর্মীকে অপহরণ করে পাহাড়ের টিলায় নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনার নির্দেশদাতা হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের নাম উল্লেখ করা হয়।

রাজনৈতিক কোন্দলের কারণে তাকে আসামি করা হয়েছে দাবি করে যুবদল নেতা জয়নাল আবেদীন বলেন, ‘মামলার বাদীর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। তবে তিনি যে নেতার সঙ্গে রাজনীতি করেন আমি তার রাজনীতি করি না। আমি সাবেক এমপি সরোয়ার জামাল নিজাম ও জেলা যুবদলের সভাপতি শাহজাহানের নেতৃত্বে রাজনীতি করি বলেই আমাকে আসামি করা হয়েছে।’

মামলার বাদী তৌহিদ মিয়া বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে আসামির নাম আসছে, সবাইকে তো আমি চিনি না। জয়নালের নামটা সম্ভবত ভুলে চলে আসছে।’

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা যুবদলের এক নেতা বলেন, হাইলধর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং পরে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হন। তিনি সাবেক এমপি সরোয়ার জামাল নিজামের অনুসারী। সে হিসাবে তাকে এ মামলায় আসামি করা হতে পারে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, বিষয়টি আমার জানার কথা না। বিএনপির লোকজনই তার নামটি দিয়েছে। এখন যেহেতু নামটি নিয়ে প্রশ্ন উঠেছে, সেহেতু বাদী চাইলে ঠিক করা হবে।’