দিনাজপুরের হিলি সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি কসমেটিক্স ও খাবার সামগ্রীসহ সাব্বির আল মাসুম (২৮) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের কাছে আইসিপি গেট এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ তাকে আটক করে বিজিবি। বুধবার দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। আটক সাব্বির আল মাসুম হিলির নওপাড়া গ্রামের মামুনুর রশীদের ছেলে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, ভারতীয় বিভিন্ন মালামাল নিয়ে এক চোরাকারবারি হিলি সীমান্তের আইসিপি গেট এলাকায় অবস্থান করছে বলে সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে বিজিবির হিলি সিপি বিওপির হাবিলদার সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল আইসিপি গেট এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করে। এ সময় তার কাছ ৭ ধরনের ভারতীয় খাবার সামগ্রী, ১৬ ধরনের ভারতীয় বিভিন্ন কসমেটিক্স, ১টি ভারতীয় শাড়ি, স্মার্ট মোবাইল ১টি, দুটি বাংলাদেশি সিমকার্ড পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।